
দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে বুধবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে এক বর্ণাঢ্য ট্রাফিক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে মোটরযান ও ইজিবাইক চালকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
র্যালি শেষে বক্তব্যে পুলিশ কমিশনার বলেন—
> “পুলিশ কারো প্রতিপক্ষ নয়। আমরা কাউকে অযথা জরিমানা করতে চাই না। ইজিবাইক চালকরা পরিশ্রমী মানুষ; তারা যদি নিয়ম মেনে গাড়ি চালায়, নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করে এবং ট্রাফিক আইন মেনে চলে, তাহলে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না।”ইজিবাইক চালকরা যেন ডানে-বামে যাত্রী না তোলেন, লেন মেনে চলাচল করেন এবং অতিরিক্ত ভাড়া আদায় না করেন—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
যাত্রীদের উদ্দেশে কমিশনার বলেন—
> “আপনারা যত্রতত্র ইজিবাইক থামাবেন না, নিয়ম মেনে বাম দিক দিয়ে উঠানামা করবেন, চালকের ডানে বা বামে বসবেন না। রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলুন।”
কেএমপি কমিশনার জানান, খুলনায় ইতোমধ্যে ৭,৯০০ ইজিবাইক চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এতে চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে তারা আর বিশৃঙ্খলা সৃষ্টি না করেন এবং নিজেদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেন।
তিনি আরও বলেন—
> “নিরাপদ শহর, নিরাপদ সড়ক গড়ে তুলতে আমাদের এই কার্যক্রম আগামী ১০ দিন ধরে খুলনার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে চলবে। সকলের অংশগ্রহণেই খুলনাকে একটি নিরাপদ ও যানজটমুক্ত শহরে পরিণত করা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়, পুলিশ সদস্য, মোটরযান চালক, শ্রমিক ইউনিয়নের নেতা ও স্থানীয় জনসাধারণ।