
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৩ (এপিবিএন), শিরোমণির যৌথ উদ্যোগে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বয়রাস্থ পুলিশ লাইন্সে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই পুলিশের অন্যতম দায়িত্ব।” তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনকালে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, দক্ষতা ও ধৈর্য প্রদর্শন করতে হবে।”
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নির্বাচনী আচরণবিধি, আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ পাবেন।
অনুষ্ঠানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এম এম সালাহউদ্দিন, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা, এবং সংশ্লিষ্ট ইউনিটের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণ পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি করবে, যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
তথ্য ও ছবি : কেএমপি