
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাই সবচেয়ে বেশি নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে ‘আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“নির্বাচনে আনসারদের অবদান সবচেয়ে বেশি। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রসহ, বাকিরা থাকবেন অস্ত্রবিহীন। অস্ত্রবিহীন ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা সদস্য থাকবেন। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।”
তিনি আরও জানান, নির্বাচনে মোট নয় দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন, এবং নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবেই তারা কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।