একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও নাট্যাভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জানালো খুলনাভিত্তিক উন্নয়ন সংস্থা রূপান্তর থিয়েটার সেন্টার। বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ ও থিয়েটার বিভাগের কর্মীবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান।
ভাস্কর বন্দ্যোপাধ্যায় ২০১০ সালে আবৃত্তি ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক লাভ করেন। তিনি একাধারে একজন অভিনেতা, স্বর ও বাচন প্রশিক্ষক, গণমাধ্যম ও চলচ্চিত্র প্রশিক্ষক, নাট্য প্রশিক্ষক এবং নাট্যবিষয়ক লেখক।
খুলনা শহরের সন্তান ভাস্কর বন্দ্যোপাধ্যায় আজ দেশের আবৃত্তি অঙ্গনে এক অনন্য নাম। তাঁর ভরাট কণ্ঠ ও অভিনয়শৈলী শ্রোতাদের হৃদয়ে আলাদা আবেদন সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ভাস্কর বন্দ্যোপাধ্যায় শুধু একজন শিল্পী নন, তিনি সংস্কৃতির ধারক ও বাহক। তাঁর আবৃত্তি আমাদের বাংলা ভাষার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।”
অনুষ্ঠানে রূপান্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা, থিয়েটার কর্মী এবং সংস্কৃতিমনা তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।