আনোয়ার হোসেইন মঞ্জু
‘বিবি মরিয়ম কামান’ বা ‘মীর জুমলার কামান’ নামে খ্যাত ঢাকার এই ঐতিহাসিক নিদর্শনটি আজ অবহেলার শিকার। বহুবার স্থানান্তরিত হওয়ার পর এখন এমন এক জায়গায় রাখা হয়েছে, যেখানে এটি পথচারীদের চোখেই পড়ে না বললেই চলে। কামানটির বাহ্যিক অবস্থা দেখে বোঝা যায়—এর গায়ে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করার কাজ বহুদিন ধরেই হয়নি।
ইতিহাস থেকে জানা যায়, বাংলার মোগল সুবেদার মীর জুমলা আসাম অভিযানে এই বিশাল কামানটি ব্যবহার করেছিলেন। প্রায় ৬৪,৮১৫ পাউন্ড ওজনের এই কামান তিনি একসময় বড় কাটরার সামনে সোয়ারিঘাট এলাকায় স্থাপন করেন।
পরবর্তীতে ১৮৪০ সালে ঢাকার ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স কামানটি সোয়ারিঘাট থেকে চকবাজার এলাকায় স্থানান্তর করেন। পরে ১৯১৭ (বা ১৯২৫) সালে ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত ভট্টশালীর উদ্যোগে এটি সদরঘাটে স্থাপন করা হয়।
১৯৫৭ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) কামানটি তৎকালীন ডিআইটি অ্যাভিনিউ ও জিন্নাহ অ্যাভিনিউয়ের (বর্তমান বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সংযোগস্থলে গুলিস্তানে স্থানান্তর করে।
এরপর ১৯৮৩ সালে কামানটি সরিয়ে নেওয়া হয় ওসমানি উদ্যানে। দীর্ঘ ৪০ বছর সেখানে থাকার পর ২০২৩ সালে আবার এটি স্থানান্তর করা হয় ঢাকার আরেক ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেটের সামনে।
গত বুধবার বাংলা একাডেমিতে যাওয়ার পথে প্রথমবারের মতো নতুন স্থানে কামানটি চোখে পড়ে। কাছ থেকে দেখে মনে হলো, একসময় যে কামান আগুনের গোলা বর্ষণ করতো, তা এখন নিস্তেজ, ধুলাবালিতে ঢাকা, একেবারে পরিত্যক্ত। এর পাশে কোনো তথ্যফলক নেই—যা থেকে নতুন প্রজন্ম জানতে পারবে এর ইতিহাস বা গুরুত্ব।
এক সময়ের যুদ্ধাস্ত্র আজ পরিণত হয়েছে নীরব ইতিহাসের সাক্ষীতে। অথচ যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে আমাদের ঐতিহ্যের এই মহামূল্যবান নিদর্শনটি ক্রমে হারিয়ে যাচ্ছে অবহেলার অন্ধকারে।
তথ্য ও ছবি : আনোয়ার হোসেইন মঞ্জু