(শনিবার) পতাকা উত্তোলন, সমবায় শোভাযাত্রা, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে খুলনায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
দিবসটির প্রতিপাদ্য ছিল— “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।
দিবসটি উপলক্ষ্যে সকালেই নগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান। দিবসের প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক জনাব মোঃ নূরুন্নবী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জনাব সৈয়দ জসীম উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন—
খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন,
সমবায়ী বিষ্ণুপদ রায় ও মোঃ মারুফ বিল্লাহ।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ছয় জেলার বিভিন্ন ক্যাটাগরিতে চারটি শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং দুইজন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে, যার সার্বিক সহযোগিতা করে খুলনা জেলা প্রশাসন।