তারুণ্যের উদ্দীপনা এবং নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা চত্বরে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।
খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন ও চেক বিতরণ করেন।
দিনব্যাপী 'তারুণ্যের উৎসব ২০২৫' উদযাপন উপলক্ষ্যে 'প্রত্যাশার আলো' নামে একটি পথনাটক অনুষ্ঠিত হয়। এই নাটকে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প-এর শিল্পীরা অংশগ্রহণ করেন।
পথনাটক শেষে উপপরিচালকের কার্যালয়ে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুদান মহিলা সমিতিগুলোর সামাজিক ও অর্থনৈতিক কাজকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিকুর রহমান স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা সুরাইয়া সিদ্দীকা। এ সময় নয়টি উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগ খুলনায় নারীর ক্ষমতায়ন ও যুবসমাজের গঠনমূলক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
[ খুলনার প্রতিচ্ছবি: আপনার কন্ঠস্বর]