দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় নগরীর শিরোমণি বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“রাস্তায় মোড়গুলোতে যানবাহন এলোমেলোভাবে পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকেও বিরত থাকবেন। একজন ইজিবাইক চালক যেমন একটি পরিবারের প্রতিনিধি, তেমনি তার যাত্রীও একাধিক পরিবারের প্রতিনিধি। চালকের সামান্য অসাবধানতা অনেক পরিবারের ক্ষতির কারণ হতে পারে। তাই সকল চালকদের দায়িত্বশীল আচরণ ও ট্রাফিক নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা সবাই যদি নিয়ম মেনে চলি, তবে খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”
র্যালিতে কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ সদস্যবৃন্দ, ইজিবাইক ও সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
তথ্য ও ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)