সুন্দরবনের দুবলার চর ও আশপাশের বনাঞ্চলে বন বিভাগের টানা অভিযানে উদ্ধার হয়েছে শতাধিক হরিণ ধরার ফাঁদ। গত কয়েক দিন ধরে চলমান অভিযানে এসব ফাঁদ উদ্ধার করেন বনরক্ষীরা।
বন বিভাগ জানায়, রাসমেলা ঘিরে প্রতিবছরই সুন্দরবনের দুবলার চর এলাকায় হরিণ শিকার বাড়ে। এবারও শিকারচক্র সক্রিয় হয়ে উঠেছে এমন খবর পেয়ে বিশেষ অভিযান শুরু হয়। আজ দিনভর চলা অভিযানে কয়েক কিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য তারের ফাঁস উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের খুলনা রেঞ্জ কর্মকর্তা জানান, বনরক্ষীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন টহল দিচ্ছেন যাতে হরিণ শিকারীরা কোনোভাবে বনের মধ্যে প্রবেশ করতে না পারে। শিকারচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুবলার চরের আশপাশে রাসমেলা উপলক্ষে কয়েক দিন ধরে বাড়ছে অচেনা লোকের আনাগোনা। সুযোগ পেয়ে কিছু অসাধু ব্যক্তি হরিণ শিকারে নামছে। তবে বন বিভাগ এবার শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে।
তথ্য ও ছবি: বন বিভাগ