ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আহ্বান জানিয়ে সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল র্যালি করেছে গণসংহতি আন্দোলন - জিএসএ। দলের রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে গত শুক্রবার এই আয়োজন করা হয়।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশ ও পরবর্তী র্যালিতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সমাবেশে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি হলো ন্যূনতম জাতীয় ঐকমত্য। তিনি ফেব্রুয়ারির মধ্যে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশ ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছে এবং রাষ্ট্রব্যবস্থা বিপর্যয় কাটিয়ে দাঁড়াতে পারেনি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মৌলিক সংস্কার, সমস্ত হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন দরকার। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যে ফাটল ধরাতে না পারার জন্য সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
সাকি জোর দিয়ে বলেন, যে রাষ্ট্র ন্যায়বিচার দিতে পারে না, সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। বাংলাদেশের পুনর্গঠন ও নতুন যাত্রা ন্যায়বিচারের উপর দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, অভ্যুত্থান পরিষ্কার বলে দিয়েছে, এক ফ্যাসিবাদের বদলে অন্য কোনো জবরদস্তি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। তিনি ভারতীয় কর্তৃত্বকে 'না' বলার কথা উল্লেখ করে বলেন, যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে, কারো কাছে মাথা নোয়াবার জন্য নয়।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, গণসংহতি আন্দোলন ২০০২ সালে যাত্রা শুরু করে ২০১৫ সালের নভেম্বরে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তির নেতৃত্বশীল দল হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংবিধান সংস্কারের প্রথম ডাক দিয়েছে এই দল। রুবেল মন্তব্য করেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমতের প্রয়োজনীয়তা এখনও শেষ হয়নি এবং এই ঐকমত্য ধরে রাখতে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে।
রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার বলেন, যদি বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ না হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। তিনি সতর্ক করেন, গত ১৫ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের উপেক্ষা করে 'আমরাই সব করেছি'—এমন মনোভাব নিয়ে কেউ সফল হতে পারবে না।
সমাবেশের পর গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক মাথাল মাথায় পরে এক বর্ণাঢ্য র্যালি শাহবাগ, বাংলামোটর ও মগবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দলের নেতাকর্মীবৃন্দ হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এই উৎসবমুখর শোভাযাত্রায় অংশ নেন, যেখানে স্থানীয় জনগণও যুক্ত হন।