
বুধবার সামাজিক সুরক্ষা সেবার প্রবেশাধিকার নিশ্চিতের দাবিতে খুলনা প্রেস ক্লাবের সামনে জলবায়ু–অভিবাসীদের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কারিতাস খুলনা অঞ্চলের ‘ডিআরআর ও সিসিএ’ প্রকল্পের সহায়তায় আয়োজিত এ কর্মসূচিতে খুলনা সিটি কর্পোরেশনের ০৯, ২১, ২২ ও ৩১ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ জন জলবায়ু–বিপর্যস্ত মানুষ অংশগ্রহণ করেন।
এবারের মানববন্ধনের মূল প্রতিপাদ্য ছিল— “উচ্ছেদ হওয়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা সেবায় প্রবেশাধিকারে মানবিক সেতুবন্ধন।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দীর্ঘদিন ধরে ভোগা নানামুখী সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
নিরাপদ ও স্থায়ী আবাসনের অভাব
বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট
সহজলভ্য স্বাস্থ্যসেবা না থাকা
নারীদের জন্য নিরাপদ টয়লেট সুবিধার ঘাটতি
সীমিত কর্মসংস্থানের সুযোগ
জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করতে না পারায় সরকারি নিরাপত্তা বেষ্টনী থেকে বঞ্চিত হওয়া
প্রতিটি ওয়ার্ড থেকে আগত দুইজন করে কমিউনিটি প্রতিনিধি বক্তব্য দেন। তারা জলবায়ু–অভিবাসীদের বাস্তব ভোগান্তি তুলে ধরে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানান। বক্তারা বলেন, শহরের অনানুষ্ঠানিক বসতি এলাকায় বসবাসরত জলবায়ু–অভিবাসীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে উপস্থিত খুলনা প্রেস ক্লাবের প্রতিনিধি এইচ. এম. আলাউদ্দিন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি অংশগ্রহণকারীদের উত্থাপিত দাবির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে গণমাধ্যমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। মানববন্ধনের শেষ পর্যায়ে জলবায়ু–অভিবাসী কমিউনিটির পক্ষ থেকে প্রস্তুতকৃত স্বাক্ষরযুক্ত দাবিনামা খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ আসিফ রহমান–এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, তাদের এই সম্মিলিত দাবিদাওয়া শহরের জলবায়ু–অভিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা, সরকারি সেবার প্রবেশাধিকার বৃদ্ধি এবং টেকসই নগর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।