খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। জন্মের মাত্র কয়েক ঘণ্টা পরই মা–বাবা নিজেদের নবজাতক কন্যাশিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন। গতকাল বিকেলে জন্ম নেওয়া এই রাজকন্যাকে আজ সকালেই একা রেখে চলে যান তার জন্মদাতা বাবা-মা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা বাগেরহাটের ফকিরহাট এলাকার বাসিন্দা। তবে কী কারণে তারা নবজাতককে ফেলে রেখে গেছেন—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের নার্সরা সকালবেলা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে দেখতে পান, শিশুটির মা-বাবা কেউই হাসপাতালে নেই।
বর্তমানে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বহু মানুষ শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করছেন এবং অনেকেই তাকে দত্তক নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
মানবিক একটি আবেদন হলো—এই নিষ্পাপ শিশুটির ভবিষ্যৎ যেন নিরাপদ হাতে যায় এবং তার অধিকার যেন যথাযথভাবে সংরক্ষিত হয়।