সোমবার নগরীর সোনাডাঙ্গা এলাকায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা রোধ ও যানজট কমানোর লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ।
অভিযানে মোটরযান ও ইজিবাইক চালকদের প্রতি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
অতিরিক্ত যাত্রী বহন না করা
ইজিবাইকের ডান পাশে সুরক্ষা রড ব্যবহার
ডান পাশ থেকে যাত্রী ওঠানামা না করানো
ডাবল লেনে গাড়ি দাঁড় করানো থেকে বিরত থাকা
অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো
স্কুল–কলেজ-সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা
যাত্রীদের সাথে ভদ্র আচরণ বজায় রাখা
এ সময় ইজিবাইক চালকদের পাশাপাশি পাশের সিটে বসা যাত্রীদের সাথেও কথা বলা হয়। ইজিবাইকের ডান ও বাম পাশে যাত্রী না নেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং চালকের পাশের সিটে বসা যাত্রীদের পিছনের সিটে বসতে অনুরোধ করা হয়।
নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার হোসেন আহম্মদ ও ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।