বরিশালের মীরগঞ্জে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ করেছে এবি পার্টি। পল্টন মোড়ে আয়োজিত প্রতিবাদী বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঘটনাটিকে “ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ” বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন,
“গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত দমন করতে সন্ত্রাসী হামলা মুক্ত রাজনৈতিক চর্চাকে ধ্বংস করার অপচেষ্টা। বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে ফুয়াদের ওপর হামলা চালিয়েছে, যা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করতে পারে।”
মজিবুর রহমান মঞ্জু হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এবি পার্টি কোনো হুমকি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না।
তিনি আরও বলেন,
“গণঅভ্যুত্থানের পর জনগণ সন্ত্রাস, হানাহানি ও চাঁদাবাজির পুরনো রাজনীতি আর মেনে নেবে না। বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতি ত্যাগ করে গণতান্ত্রিক আচরণে ফিরে আসতে হবে।”
বিক্ষোভ মিছিলটি রিপোর্টার্স ইউনিটি থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন—
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।