আলু চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে পুরাতন আলু সংরক্ষণ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে দেশের প্রথম আলু উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা জানান, এ বছর রেকর্ড ১ কোটি ১২ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় ২২ লক্ষ মেট্রিক টন বেশি। স্থানভেদে উৎপাদন খরচ কেজিপ্রতি ১৪–১৭ টাকা, আর সংরক্ষণসহ অন্যান্য খরচ যোগ করে হিমাগার গেটে খরচ দাঁড়ায় ২০–২৫ টাকা। কিন্তু বাধ্য হয়ে কৃষকরা ৮–১৬ টাকা মূল্যে আলু বিক্রি করছেন—যা সরাসরি লোকসান।
তিনি বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় ডিসেম্বর পর্যন্ত পুরাতন আলু কোল্ড স্টোরেজে রাখার অনুরোধ জানিয়েছি। এতে মালিকদের সামান্য ক্ষতি হলেও কৃষকদের বড় ক্ষতি থেকে বাঁচানো যাবে।”
উপদেষ্টা আরও বলেন— বিশ্বে যেখানে ৭% আলু প্রক্রিয়াজাত হয়, বাংলাদেশে তা মাত্র ২%। উন্নত জাত নির্বাচন ও প্রসেসিং-উপযোগী আলু উৎপাদনে জোর দিতে হবে। আমদানিকৃত আলু বীজের প্যাকেটে নির্ধারিত দাম লিখে রাখা বাধ্যতামূলক করা হবে, যাতে কৃষকরা প্রতারিত না হয়। তিনি জানান, পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও বাজার কারসাজির কারণে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় ভোক্তা স্বার্থে আমদানির অনুমতি দেওয়া হয়েছে।দাম ৭০–৮০ টাকার মধ্যে না আসা পর্যন্ত আমদানি চলবে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক, সরকারি-বেসরকারি দপ্তর, চেম্বার, এসোসিয়েশন, হিমাগার মালিক, কৃষক ও উদ্যোক্তারা উৎসবে অংশ নেন।
উপদেষ্টা পরে উৎসবস্থলের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
তথ্য ও ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়