
খ্রিস্টীয় আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পালিত হলো ধর্মপ্রদেশীয় জুবিলী উৎসব ও খ্রিস্ট জন্ম জয়ন্তী ২০২৫। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় সেন্ট যোসেফস্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উৎসবের মূল আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগের দিন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সেন্ট যোসেফস্ ক্যাথিড্রাল গির্জায় সাক্রামেন্দ্রীয় আরাধনার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়।
এ বছরের জুবিলী উৎসবের প্রতিপাদ্য ছিল— “আশার তীর্থযাত্রা”, যা প্রয়াত পোপ ফ্রান্সিস ঘোষিত বিশ্বব্যাপী জুবিলী বর্ষ উদযাপনের অংশ। খুলনা ধর্মপ্রদেশীয় জুবিলী কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ খ্রিস্টান ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
উৎসবে প্রধান পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় বিশপ জেমস রমেন বৈরাগী, ডিডি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা ধর্মপ্রদেশীয় জুবিলী কমিটির আহবায়ক ফাদার ডমিনিক কে. হালদার। বক্তারা বলেন, জুবিলী বর্ষ মানুষের মধ্যে সহমর্মিতা, শান্তি ও মিলন বার্তা পৌঁছে দেয়। সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় চর্চার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন তারা।
ধর্মীয় প্রার্থনার পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশগ্রহণকারীরা গান ও নৃত্য পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শান্তি, ঐক্য ও আনন্দের আবহ। শেষপর্যায়ে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
খুলনা ধর্মপ্রদেশীয় কর্তৃপক্ষ জানান, জুবিলী উৎসব সকল ধর্মের মানুষের জন্য কল্যাণ, শান্তি ও সুসমাচারের বার্তা বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা করেন তারা।