ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে বড় চমক। মেটা ঘোষণা দিয়েছে, ফেসবুক অ্যাপকে আরও দ্রুত, সহজ ও আকর্ষণীয় করতে সম্পূর্ণ নতুন ডিজাইন আনা হচ্ছে। পরিবর্তন আসছে ফিড, সার্চ, নেভিগেশন থেকে শুরু করে কনটেন্ট তৈরির অভিজ্ঞতাতেও। নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা শুধু আরও সাবলীলভাবে অ্যাপ ব্যবহারই করবেন না, পাশাপাশি পাবেন আরও সমৃদ্ধ ও আধুনিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
নতুন আপডেটে ফেসবুকের ব্যবহার অভিজ্ঞতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে। মেটা তাদের সর্বশেষ প্রকল্পের মাধ্যমে ইনস্টাগ্রামের কিছু জনপ্রিয় বৈশিষ্ট্য ফেসবুকে নিয়ে আসছে।
একাধিক ছবি পোস্ট করলে সেগুলো এখন থেকে গ্রিড আকারে দেখা যাবে, ঠিক ইনস্টাগ্রামের মতো। সার্চ রেজাল্টেও আসবে একই গ্রিড বিন্যাস, যাতে বিভিন্ন ধরনের কনটেন্ট একসঙ্গে সাজানোভাবে পাওয়া যায়। ফিডে থাকা ছবিতে ডাবল ট্যাপ করেই ‘লাইক’ দেওয়া যাবে যা আগে কেবল ইনস্টাগ্রামে দেখা যেত।
ইনস্টাগ্রামের নকশার মতো এবার ফেসবুকও স্ক্রিনের নিচে ছয়টি ট্যাব স্থায়ীভাবে দেখাবে—হোম, রিলস, ফ্রেন্ডস, মার্কেটপ্লেস, নোটিফিকেশন ও প্রোফাইল। এতে বারবার ট্যাব খুঁজে বের করার ঝামেলা কমবে এবং নেভিগেশন হবে অনেক সহজ।
নতুন আপডেটে মেনু ও নোটিফিকেশন ট্যাবও নতুনভাবে সাজানো হচ্ছে। এতে মেটা এআইয়ের সুবিধা পাওয়া যাবে আরও সহজে। পাশাপাশি বন্ধুদের স্টোরি, গুরুত্বপূর্ণ অপশন ও বিভিন্ন সেকশন আগের চেয়ে দ্রুত লোড হবে এবং খুঁজে পাওয়া সহজ হবে।
ফেসবুক অ্যাপে যুক্ত হচ্ছে নতুন ডিসকভারি অ্যালগরিদম, যা ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে নতুন বন্ধুর পরামর্শ দেবে। কেউ নতুন কোনো শহরে গেলে বা কোথাও ভ্রমণে গেলে ফেসবুক সেই অঞ্চলের সম্ভাব্য বন্ধুর তালিকা দেখাবে।
নতুন আপডেটে প্রোফাইল কাস্টমাইজেশন আরও শক্তিশালী হচ্ছে। ব্যবহারকারীরা চাইলে কোন তথ্য বা অংশ তাদের প্রোফাইলে প্রদর্শিত হবে তা নিজের মতো করে নির্ধারণ করতে পারবেন। ফলে প্রোফাইল আরও ব্যক্তিগত ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে।
ফেসবুকের এই পরিবর্তনগুলো ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে। নতুন ডিজাইনে আসছে আরও দ্রুত, সহজ ও প্রাণবন্ত ব্যবহার অভিজ্ঞতার প্রতিশ্রুতি। মেটার এই পদক্ষেপ ফেসবুককে আরও আধুনিক ও ব্যবহারকারী-বান্ধব করে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।