মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং প্রীতি হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেসিসির প্রশাসক মো: মোখতার আহমেদ। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিশুদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধভিত্তিক বিষয়গুলো ফুটে ওঠে। অন্যদিকে প্রীতি হাডুডু প্রতিযোগিতা দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসকে ঘিরে শিশু-কিশোরদের সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।