
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। বিজয়ের প্রথম প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীরা গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের চূড়ান্ত অধ্যায়। স্বাধীনতার আদর্শ সমুন্নত রেখে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।