খুলনার আদালত প্রাঙ্গণে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত আসামি গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, মাদক বিক্রি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের বিরোধ থেকেই এই জোড়া খুনের ঘটনা ঘটে।
তিনি বলেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটায় রূপসা উপজেলার আইচগাতি এলাকা থেকে মো. এজাজুল হোসেনকে গ্রেফতার করা হয়। সে আইচগাতি এলাকার ফারুক হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের সময় ধারণ করা ২৬ সেকেন্ডের একটি মোবাইল ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাজুল হোসেন স্বীকার করেছে যে, এই হত্যাকাণ্ডে সরাসরি সাতজন অংশ নেয়। তারা সবাই তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। অপরদিকে নিহত ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার ছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য।
র্যাব অধিনায়ক আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদারকে প্রথমে গুলি এবং পরে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।