খুলনা মহানগরীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫। এ উপলক্ষে ১৭ ডিসেম্বর শহরের শহীদ হাদিস পার্কে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, এই দিনেই খুলনা হানাদার মুক্ত হয়েছিল—সে স্মরণেই এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে নৃত্যাঞ্জলির নৃত্য পরিবেশনা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। নৃত্য পরিচালনায় ছিলেন তরুণ নৃত্য প্রশিক্ষক রুহুল আমিন বাবু। দেশাত্মবোধক ভাবধারায় সাজানো নৃত্য পরিবেশনাগুলো উপস্থিত দর্শকদের আবেগে আন্দোলিত করে।
এই আয়োজনে আব্বাসউদ্দীন একাডেমিসহ খুলনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে পুরো আয়োজনটি বিজয়ের চেতনা ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে।
আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনাকে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। উপস্থিত দর্শকরা এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।