
খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক এবং দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক গোলাম মোস্তফা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ছয়টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক গোলাম মোস্তফা দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। দৌলতপুর দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি ছিলেন একজন আদর্শ সমাজসেবক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ।
তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।