
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মরদেহ আজ দেশে প্রত্যাবর্তন করেছে।
গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় তারা শহীদ হন। শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, ইউনিসফা মিশনের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।
মরদেহ গ্রহণকালে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ শান্তিরক্ষীদের প্রতি সামরিক সম্মান জানিয়ে স্যালুট প্রদান করা হয়।
আইএসপিআর জানায়, আগামীকাল ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে শহীদদের মরদেহ নিজ নিজ এলাকায় হেলিকপ্টারযোগে পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, উক্ত ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আরও ৯ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল-৩)-এ চিকিৎসাধীন রয়েছেন এবং সবাই শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।