সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন ও ৯ নং হেলাতলা ইউনিয়নের সংযোগ সড়কের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা বর্তমানে ড্রাম ও বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, দীর্ঘদিন ধরে তারা একটি টেকসই ও স্থায়ী সেতুর জন্য আবেদন করে আসছে। এই সমস্যার সমাধানে স্থানীয় সরকার বা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত একটি টেকসই সেতু বা রাস্তা নির্মাণের পদক্ষেপ নেওয়া জরুরি। একটি স্থায়ী সেতু নির্মাণ করলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের সঙ্গে কুশোডাঙ্গা ইউনিয়নের সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপিত হবে, যা প্রায় ২০,০০০ মানুষের জন্য সহজতর হবে। তারা সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে তাৎক্ষণিক সহায়তা ও স্থায়ী সমাধানের জন্য আহ্বান জানিয়েছে।
কুশোডাঙ্গা ইউনিয়নের কোঠাবাড়ি ও শুভঙ্করকাটি এবং হেলাতলা ইউনিয়নের রায়টা, হেলাতলা ও আলাইপুর গ্রামের বাসিন্দারা এই যোগাযোগ ব্যবস্থার অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সকল গ্রামের অধিবাসীর সাপ্তাহিক বাজার, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণে বিপুল বাধার সম্মুখীন হতে হচ্ছে।