খুলনা বিভাগের প্রতিটি জেলায় জনগণের সহযোগিতায় সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহ সার্কিট হাউস সংলগ্ন পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপতৎপরতা কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে। প্রশাসন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি আরও বলেন, খুলনা বিভাগের মানুষ শান্তিপ্রিয়। জনগণের সহযোগিতায় আসন্ন নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, নবনির্বাচিত সভাপতি আসিফ ইকবাল মাখন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, জেলা সহকারী কমিশনার এস এম শাদমান উল আলম, সহকারী কমিশনার মো. তানভীর ইসলাম সাগর, জেলা তথ্য অফিসার মো. আব্দুর রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবেশবান্ধব ফলের বাগান উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার আরও বলেন, ঝিনাইদহ জেলার নবগঙ্গা নদীসহ সব নদীর নাব্যতা সংকট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবহিত করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।