সরবরাহ বৃদ্ধির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলায় শীতকালীন সবজির বাজারে স্বস্তি ফিরেছে। গত এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এতে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও উৎপাদন খরচ না উঠায় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সোমবার (২২ ডিসেম্বর) ডুমুরিয়া উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের ডুমুরিয়া, খর্নিয়া, আঠারো মাইল ও চুকনগর বাজারে শীতের সবজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাজারে বর্তমানে শসা, করলা ও টমেটো কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য অধিকাংশ সবজি ৪০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। বেগুন ও গাজর ৩৫–৪০ টাকা, পেঁপে, মূলা ও শিম ২০ টাকা, নতুন আলু ও বাঁধাকপি ১৫–২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৫০ টাকা, ব্রকলি প্রতিপিস ৪০ টাকা এবং লাউ প্রতিপিস ২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা তারেক জানান, মাঠ থেকে বেশি সবজি আসায় বাজারে সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।
ডুমুরিয়া বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, “সবজির দাম কমায় প্রতিদিনের বাজার খরচ কিছুটা কমেছে। তবে পেঁয়াজের দাম বেশি থাকায় পুরোপুরি স্বস্তি পাচ্ছি না। বাজার পরিস্থিতি এভাবে থাকলে মধ্যবিত্তদের জন্য ভালো হবে।”
এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ডিম ও মুরগির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বাজারভেদে ব্রয়লার মুরগির ডিম ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি সপ্তাহে মসুর ডাল ও ছোলার দামও কমেছে। বড় দানার মসুর ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। ছোলার দাম কমে কেজিপ্রতি ১০০ টাকায় নেমেছে। তবে খোলা পোলাও চালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বর্তমানে ১৩০ টাকা হয়েছে।
কৃষকরা জানান, সবজির উৎপাদন বাড়ায় হাট-বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তবে দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে, অনেক ক্ষেত্রে লোকসান গুনতে হচ্ছে।
অন্যদিকে, বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর হলেও কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।