
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থিতা নিয়ে তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিল। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা-১৫সহ সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। ঢাকা-১৫ আসন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়ায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।