
পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ ধরনের পূর্ণমিলনী আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে যারা দেশের নানা গুরুত্বপূর্ণ সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছেন, আজকের পূর্ণমিলনীর মাধ্যমে তাদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গঠনমূলক ও ইতিবাচক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।
পুলিশ কমিশনার পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।