খুলনা জেলা দাকোপ থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দাকোপ থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় বক্তারা সমাজ থেকে মাদক, ইভিটিজিং ও চোরাকারবার নির্মূলের গুরুত্ব এবং পুলিশের চলমান অভিযান আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার জন্য খুলনা জেলা পুলিশের প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করেন।
সভা শেষে পুলিশ সুপার দাকোপ থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের পেশাগত দায়িত্ব পালন, জনসেবা ও শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ সালাউদ্দিন, দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।