
খুলনা শহরের ইতিহাস যেন এক সমান্তরাল রেখা, যেখানে প্রতিটি মোড়ে একেকটি গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ। শহরটির সূচনা হয়েছিল মাত্র ১৮০ বছর আগে, ১৮৪২ সালে, যখন এটি বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম মহকুমা ও মহকুমা সদর হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেই সময়ের একটি স্মৃতি আজও বেঁচে আছে শহরের হৃদয়ে, আর সেটা হলো খুলনার টাউন জামে মসজিদ। এটি শহরের প্রথম মসজিদ হিসেবে তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে।
শহরের সূচনাকালে মির্জাপুর মাঠসংলগ্ন এলাকায় (বর্তমানে জেলা প্রশাসকের বাসভবন) পুরনো বসতি ও সম্পত্তি অধিগ্রহণ করা হয়। সেই অধিগ্রহণের মধ্যে পড়ে বাঁশদহের (সাতক্ষীরা) কাজী সাহেবদের সম্পত্তি। কাজী সাহেবরা এখানে একটি ছোট পাকা মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটি ছাড়া তাদের বসতি অধিগ্রহণ করা হলে, তারা দক্ষিণে সরে গিয়ে মুন্সীপাড়ায় বসতি স্থাপন করে। তবে মসজিদে তাদের যাতায়াত ছিল অক্ষুণ্ণ। পরবর্তীতে এটি সর্বজনীন মসজিদে রূপান্তরিত হয়।
এই ঐতিহাসিক মসজিদটি বর্তমানে কেডি ঘোষ রোডের পূর্ব প্রান্তে অবস্থিত। এর ঠিক পূর্বে রয়েছে বিভাগীয় কমিশনারের বাসভবন, পশ্চিমে ডিআইজির বাসভবন এবং সামনে রয়েছে সিভিল সার্জনের বাসভবন। মসজিদটির সামনে একটি মাঝারি আয়তনের ফাঁকা মাঠ রয়েছে, যা গাছগাছালিতে ভরা নিরিবিলি পরিবেশ সৃষ্টি করেছে। মসজিদের সামনে রয়েছে গোলাকার স্থাপনার একটি সুন্দর ওজুখানা।
খুলনার ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন গ্রন্থে এই মসজিদের উল্লেখ পাওয়া যায়। আবুল কালাম সামসুদ্দীন তার গ্রন্থে লিখেছেন, বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এটি শহরের একমাত্র মসজিদ ছিল। তিনি আরও জানান, ১৯২৪ সালে বিশিষ্ট মুসলিম ব্যবসায়ী মুন্সী মহম্মদ ইউসুপ মিয়ার অনুদানে মসজিদটি সংস্কার করা হয়। পরে ১৯৪০ সালে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদটি সম্প্রসারণ করা হয়। মীর আমীর আলীর লেখা খুলনা শহরের ইতিকথায়ও এই মসজিদকে শহরের প্রথম মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখক বর্ণনা করেছেন, ১৯৩৮ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে মুসলিমদের কংগ্রেসকে সহযোগিতা করা নিয়ে বিতর্কের প্রতিবাদে খান এ সবুরের নেতৃত্বে খুলনার বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমদের জমায়েত করা হয় এই মসজিদে।
জেলা তথ্য বাতায়ন সূত্রে জানা যায়, মসজিদটি নির্মিত হয়েছিল ১৮৫৪ সালে। মাওলানা মোহাম্মদ সালেহ, যিনি ১৯৭৩ সাল থেকে এখানে খতিবের দায়িত্ব পালন করছেন, বলেন, মসজিদটি ইট ও চুন-সুরকির তৈরি ছিল। একতলাবিশিষ্ট মসজিদটিতে ছোট ছোট অনেক গম্বুজ ছিল। মসজিদসংলগ্ন একটি পুকুর ছিল, যেখানে মুসল্লিরা ওজু করতেন। ১৯৮০-৮২ সালে শেষবার সংস্কারের সময় গম্বুজগুলো রাখা যায়নি এবং মসজিদটি দোতলা করা হয়। বর্তমানে এক একর জায়গায় অবস্থিত এই মসজিদে একসঙ্গে প্রায় ১২০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকলে এই মসজিদেই শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।