
নৃত্যাঙ্গনের গুণী শিল্পী ও প্রশিক্ষক মুক্তা ঠাকুর আর নেই। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে নৃত্যজগতসহ সাংস্কৃতিক অঙ্গন। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা গভীর বেদনায় স্মরণ করছেন সদালাপী, স্নেহশীল ও প্রতিভাবান এই শিল্পীকে।
দীর্ঘদিন ধরে নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করে আসা মুক্তা ঠাকুর ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী। শিল্পচর্চায় তাঁর নিষ্ঠা, মানবিক আচরণ ও সহজ-সরল ব্যক্তিত্ব তাঁকে সহকর্মীদের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছিল। খুলনা তাঁর জন্মভূমি হলেও কর্মসূত্রে তিনি ঢাকায় সক্রিয় ছিলেন এবং সর্বশেষ ধৃতি নৃত্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
সহকর্মীদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর আন্তরিকতা ও ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছেন, তাঁরা বলেন—মুক্তা ঠাকুর ছিলেন একজন লক্ষী, বিনয়ী ও অসম্ভব গুণী মানুষ। নৃত্যের মঞ্চে যেমন তিনি ছিলেন প্রাণবন্ত, তেমনি ব্যক্তিজীবনে ছিলেন সবার খোঁজখবর নেওয়া এক মমতাময়ী মানুষ।
সহকর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। তাঁর আকস্মিক মৃত্যুতে নানা প্রশ্ন ও শোকের আবহ তৈরি হয়েছে নৃত্যাঙ্গনে।
নৃত্যের আলো ছড়িয়ে দেওয়া এই শিল্পী আজ না ফেরার দেশে। স্মৃতি, ভালোবাসা আর কাজের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন সহকর্মী ও শিক্ষার্থীদের হৃদয়ে।