শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আকস্মিকভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেয়।
এ সময় প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেয়। পাশাপাশি খুলনা মহানগরী এলাকায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও তারা বিস্তারিত জানতে চান।
মতবিনিময়কালে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা প্রতিনিধি দলকে জানান, বর্তমান সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কেএমপি বদ্ধপরিকর। তিনি বলেন, খুলনা মহানগরীর ভোটার ও ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও সুসমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কেএমপি কমিশনার আরও জানান, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই কেএমপির প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে।
এছাড়াও তিনি উল্লেখ করেন, কেএমপি পুলিশের সার্বিক সহযোগিতায় খুলনা মহানগরীতে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছে এবং আসন্ন নির্বাচনকালীন সময়েও এর কোনো ব্যত্যয় ঘটবে না। পাশাপাশি দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতেও কেএমপি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আলিনা সিমোনা সারবান (Alina Simona Serban), রিকাদার্স রামোস্কা (Ricardas Ramoska)—উভয়েই লং টার্ম অবজারভার এবং উষা সামীন (Usha Sameen), সহকারী দোভাষী (Assistant Interpreter)।