খুলনার ঐতিহ্য ও পুরানো দিনের হারানো গৌরব পুনরুদ্ধার করে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ীবান্ধব নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বুধবার (২৮ জানুয়ারি) নগরীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, ডাকবাংলা সুপার মার্কেট ও রেলওয়ে মার্কেটসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। মঞ্জু বলেন, এবারের নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জই বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার উৎসাহ জোগাচ্ছে। শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যেখানে মাদক, সন্ত্রাস ও সব ধরনের নিপীড়নের অবসান ঘটিয়ে একটি সুন্দর খুলনা বিনির্মাণ করা হবে।
গণসংযোগকালে মঞ্জু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষ জামায়াতে ইসলামীর প্রচারণার ধরণ নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত কোনো সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা ছাড়াই কেবল ‘বায়বীয়’ অভিযোগ তুলে ভোটারদের বিভ্রান্ত করছে। মঞ্জু দাবি করেন, জামায়াত কর্মীরা ভোটারদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করে অনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। বিশেষ করে নির্বাচনের ময়দানে জান্নাত-জাহান্নামের দোহাই দিয়ে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে অপব্যবহার করার বিষয়টিকে তিনি ‘অসততা’ হিসেবে অভিহিত করেন। তিনি জামায়াতকে ধর্মের অপব্যবহার বন্ধ করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষিত ও প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি করেছে, যা অন্য কোনো দলের নেই।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে মঞ্জু উল্লেখ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর এটিই প্রথম ভোট, যেখানে মানুষ বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশে কোনো প্রকার ঝগড়া-বিবাদ বা সহিংসতার স্থান নেই। তারেক রহমানের নেতৃত্বে দেশের যে সমৃদ্ধির যাত্রা শুরু হয়েছে, তাকে সফল করতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। তিনি বিশ্বাস করেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা এবং আধুনিক কর্মপরিকল্পনা জনগণের মনে ব্যাপক আস্থার সৃষ্টি করেছে।
বিশাল এই নির্বাচনী প্রচারণায় নজরুল ইসলাম মঞ্জুর সাথে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন। মিছিলে মিছিলে মুখরিত এই গণসংযোগে অধ্যাপক আরিফুজ্জামান অপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশিদ মিরাজ ও মাহবুব হাসান পিয়ারুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে জনমত গঠন করেন। প্রতিটি মার্কেটে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়কালে মঞ্জু আশ্বাস দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা হয়রানিমুক্ত পরিবেশে ব্যবসা করার পূর্ণ সুযোগ পাবেন এবং খুলনার অর্থনৈতিক চাকা সচল করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।