
আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে যখন দেশজুড়ে নতুন নতুন মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক ঐতিহাসিক রেলপথের শূন্যতা বাগেরহাটবাসীকে ব্যথিত করছে। দীর্ঘ ২৮ বছর ধরে স্থবির হয়ে থাকা খুলনা-বাগেরহাট রেললাইনটি পুনরায় সচল করার দাবিতে এখন উত্তাল হয়ে উঠেছে খানজাহান আলী (র.)-এর স্মৃতিধন্য এই জেলা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীর সরকারের কাছে বাগেরহাটের সচেতন সমাজ, শিক্ষাবিদ, পেশাজীবী ও সাধারণ শ্রমজীবী মানুষ এই রেলপথটি চালুর জোরালো আরজি জানিয়েছেন। ব্রিটিশ আমলে স্থাপিত এই রেলপথটি কেবল একটি যোগাযোগের মাধ্যম ছিল না, বরং এটি ছিল এই অঞ্চলের অর্থনীতির প্রাণভোমরা, যা ১৯৯৮ সালে লোকসানের অযুহাতে বন্ধ করে দেওয়া হয়েছিল।
ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, ১৯১৮ সালে ব্রিটিশ শাসনামলে খুলনার সঙ্গে বাগেরহাটের সহজ যোগাযোগের উদ্দেশ্যে ন্যারোগেজ হিসেবে এই রেলপথের যাত্রা শুরু হয়। পরবর্তীতে সময়ের চাহিদা মেটাতে ১৯৬৯ সালে একে ব্রডগেজে রূপান্তর করা হয়। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে বাগেরহাট স্টেশনসহ মোট ১০টি স্টেশনের মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত করতেন। কিন্তু ১৯৯৮ সালে কর্তৃপক্ষ হুট করে এটি বন্ধ করে দিলে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে। এমনকি পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রেললাইনের মূল্যবান পাটিগুলো নিলামের মাধ্যমে তুলে নেওয়া হলে মানুষের ক্ষোভ চরমে পৌঁছায়। বর্তমানে রেলপথের অবকাঠামোর জীর্ণ নিদর্শন এবং বেদখল হওয়া রেলওয়ের জমিগুলো এই ঐতিহাসিক অবহেলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
বাগেরহাটের সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, মাত্র ২০ কিলোমিটার নতুন রেললাইন সংযোগ দিলেই এই ঐতিহ্যবাহী পথটি পুনরায় সচল করা সম্ভব। অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান এবং শিক্ষার্থী তানভীর হোসেন মনে করেন, রেল যোগাযোগ চালু হলে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া নারী উদ্যোক্তা রেহানা বেগমের মতে, নারী ও শিশুদের জন্য রেলপথই সবচেয়ে নিরাপদ যাতায়াত মাধ্যম। সাধারণ রিকশাচালক সেলিম শেখের আকুতি যেন সব নিম্নবিত্ত মানুষেরই কথা—বাসের চেয়ে রেল অনেক সাশ্রয়ী। স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মী আনোয়ার হোসেন বলেন, রেল চালু হলে বাগেরহাটের বিখ্যাত পণ্যগুলো দেশজুড়ে বাজারজাত করা সহজ হবে, যা জেলার সামগ্রিক অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু এবং শিক্ষাবিদ অধ্যাপক চৌধুরী আব্দুর রউফ এই দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন যে, সড়কপথের ক্রমবর্ধমান চাপ কমাতে এবং সুলভ যাতায়াত নিশ্চিত করতে রেলের কোনো বিকল্প নেই। বর্তমানে অধিকাংশ জমি রেলওয়ের দখলেই আছে, তাই সরকারের সদিচ্ছা থাকলে খুব দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। লোকসানের যে অযুহাতে এক সময় এটি বন্ধ করা হয়েছিল, আধুনিক পর্যটন ও পণ্য পরিবহনের যুগে তা আর প্রাসঙ্গিক নয় বলে তারা মনে করেন। বাগেরহাটবাসীর প্রাণের এই দাবি এখন আগামীর নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য এক বড় রাজনৈতিক ও উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।