ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ব্যাপক লুটপাট এবং সস্ত্রীক মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় এই এজাহার জমা দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মঙ্গলপৈতা বাজারে ব্যবসায়ী মো. মিজানুর রহমান রাসেলের তিনটি দোকানে অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতকারী। হামলাকারীরা দোকানগুলোতে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার এখানেই শেষ নয়, পরদিন শুক্রবার সকালে অভিযুক্তরা পুনরায় চড়াও হয় মিজানুর রহমানের বাড়িতে। সেখানে ঢুকে তারা অকথ্য ভাষায় গালিগালাজসহ মিজানুর ও তার স্ত্রী মোছা. শাহিনা শামিল নদীকে নির্মমভাবে মারধর করে। হামলায় গুরুতর আহত মিজানুর রহমান রাসেলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার স্ত্রী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, মারধরের পাশাপাশি হামলাকারীরা গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন এবং নগদ টাকাও ছিনিয়ে নিয়েছে। এই বর্বরোচিত হামলার বিচার চেয়ে ভুক্তভোগীর ভাই মো. আতিকুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগটি দাখিল করেন।
এজাহারে নামীয় অভিযুক্তরা হলেন— মাজেদ শেখ, আব্দুল মান্না শেখ মনা, সাজু শেখ, খোকন শেখ, মো. ভুট্টা শেখ, মো. ফুরকান শেখ, রাব্বি শেখ, ইভন শেখ, আ. কাদের শেখ, তাজের শেখ, নাজের শেখ ও তাইজেল শেখ। স্থানীয় সূত্রগুলো বলছে, এই হামলার ঘটনায় এলাকায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলপৈতা বাজারের মতো জনাকীর্ণ স্থানে এমন দুর্ধর্ষ চুরির স্টাইলে হামলা ও লুটপাটের ঘটনা শান্তিপ্রিয় গ্রামবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পুলিশের হস্তগত হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।