যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনার দিঘলিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে দিঘলিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণ।
পুরো আয়োজন জুড়ে ছিল শোকাবহ পরিবেশ। অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে নানা কর্মসূচিতে অংশ নেন।