দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে গঠিত কমিটির সভা আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে দেশের নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান এবং সামাজিক নিরাপত্তা বলয় শক্তিশালী করা হবে। বিশেষ করে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় তাঁর সভাপতিত্বে নিউমুরিং কন্টেনার টার্মিনাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।