খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ। তিনি বলেন, মাদক ব্যবহার ও ব্যবসা, ইভটিজিং, জুয়া এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দিঘলিয়া থানা পুলিশের প্রতিনিধি, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, দিঘলিয়া উপজেলার নৌবাহিনীর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন এবং জনসাধারণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।