পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
আজ পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে একযোগে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের বিদ্রোহের ঘটনা ঘটে। তবে সবচেয়ে ভয়াবহ ও নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয় রাজধানীর পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে।
সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ। বাংলাদেশের ইতিহাসে এ ঘটনাকে অন্যতম নৃশংস ও হৃদয়বিদারক অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সাল থেকে দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারও শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতি গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করছে সেইসব বীর শহীদদের।