বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হত্যামামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলায় গত বছরের ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসভবন থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। পরবর্তীতে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।
জামিন পাওয়া মামলাগুলো হলো—
বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা
আব্দুর রহমান হত্যা মামলা
মো. ইয়াছিন হত্যা মামলা
পারভেজ হত্যা মামলা
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। প্রথম চারটি হত্যা মামলায় নিহতদের পরিবারের সদস্যরা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক ও ভুঁইগড়, দেলপাড়া এলাকায় গুলিতে বিভিন্ন বয়সী চারজন নিহত হন।
অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করে। উল্লেখ্য, আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ গত ৮ মে পুলিশ অভিযান চালালে সেখানে পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে ১২ মে পুলিশ মামলা দায়ের করে। ওই মামলায় আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়।
হাইকোর্টের এ আদেশের ফলে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর আইভীর মুক্তির পথে আইনি জটিলতা অনেকটাই কমলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে রাষ্ট্রপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর বিষয়টির চূড়ান্ত অগ্রগতি নির্ভর করবে।