জীবনের নতুন অধ্যায় মালাবদল, কন্যাদান ও আশীর্বাদের মধ্য দিয়ে সম্পন্ন হয় সকালের পর্ব। দীর্ঘ জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণি সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ পারিবারিক ও ঘনিষ্ঠ আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। রাজকীয় আবহ, কড়া গোপনীয়তা, ঐতিহ্যবাহী আচার আর তারুণ্যের উচ্ছ্বাস—সব মিলিয়ে আয়োজনটি ছিল এককথায় রূপকথার মতো।
বৃহস্পতিবার ভোরের শান্ত আবহে শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। তেলেগু রীতি অনুযায়ী প্রথমে গণেশপূজা ও পূর্বপুরুষদের স্মরণ করে মঙ্গলাচরণ করা হয়। এরপর অগ্নিকে সাক্ষী রেখে সম্পন্ন হয় ‘সপ্তপদী’—সাতটি প্রতীকী পদক্ষেপ, যা দাম্পত্য জীবনের সাতটি অঙ্গীকারের প্রতীক। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে কনে-বর অগ্নি প্রদক্ষিণ করেন।
মালাবদল, কন্যাদান ও আশীর্বাদের মধ্য দিয়ে সম্পন্ন হয় সকালের পর্ব। ঐতিহ্য অনুযায়ী পরিবার-পরিজনের প্রবীণ সদস্যরা নবদম্পতির কপালে কুমকুম ও হলুদ ছুঁইয়ে আশীর্বাদ জানান। আবেগঘন এই মুহূর্তে দুই পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিকেলে আয়োজন করা হয় কোডাভা রীতি অনুযায়ী দ্বিতীয় পর্ব। কর্ণাটকের কোডাগু অঞ্চলের এই ঐতিহ্যে পোশাক, সংগীত ও আচার-অনুষ্ঠানে থাকে আলাদা বৈশিষ্ট্য। কনের পারিবারিক শিকড়কে সম্মান জানিয়ে এই পর্ব রাখা হয়।
কোডাভা সংস্কৃতিতে পারিবারিক প্রবীণদের উপস্থিতি ও আশীর্বাদ বিশেষ গুরুত্ব পায়; সে অনুযায়ী দুই পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের কেন্দ্র করেই সম্পন্ন হয় অনুষ্ঠান। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এই আয়োজন হয়ে ওঠে অনন্য।
দক্ষিণি সিনেমাপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এভাবেই শুরু হলো এই তারকা জুটির নতুন জীবনযাত্রা।