খুলনার দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদ হত্যার ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জানাজায় অংশ নেওয়া নেতাকর্মী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। হাজীগ্রাম ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজা নামাজে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ গ্রামবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে স্থানীয় টিটিসি সংলগ্ন বকশিবাড়ি এলাকায় দুর্বৃত্তরা যুবদল নেতা মুরাদকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “সন্ত্রাসীদের কোনো দল নেই। যারা এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”
তিনি দিঘলিয়া থানা পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। স্থানীয় নেতৃবৃন্দও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।