খুলনার দিঘলিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস.কে. আজিজুল বারী হেলাল। তিনি সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ। তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।