
খুলনা জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার বলেছেন, পবিত্র রমজান কেবল সিয়াম সাধনার মাস নয়—এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং নৈতিক পুনর্জাগরণের এক অনন্য সময়। রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার মতে, ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে নৈতিকতা প্রতিষ্ঠা করা গেলে সমাজে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর দিঘলিয়া উপজেলা মোড়স্থ দলীয় কার্যালয়ে দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ বদিউজ্জামাল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন–এর সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, জেলা অফিস সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও আড়ংঘাটা, সেনহাটি, বারাকপুর ও গাজীরহাট ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা তাদের আলোচনায় রমজানের আত্মিক ও নৈতিক শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতি ও অবিচারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধ চর্চার বিকল্প নেই। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।