ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে নগরীর প্রধান সড়কে আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে হামলার প্রতিবাদ এবং মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান সংবলিত বক্তব্য দেখা যায়। বক্তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেইকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তারা শান্তিপূর্ণভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে তারা মুসলিম বিশ্বের দেশগুলোর পারস্পরিক ঐক্য ও সংহতির ওপর গুরুত্বারোপ করেন।