দীর্ঘদিন নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা চরিত্রশিল্পী বৈদ্যনাথ সাহা আর নেই। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল ৪টার দিকে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মেয়ে বৃষ্টি সাহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁর বাবা। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি পরপারে পাড়ি জমান।
যশোরের সন্তান বৈদ্যনাথ সাহা দীর্ঘ বছর ধরে নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। অভিনয়ের প্রতি গভীর অনুরাগ থেকে নিয়মিত যশোর থেকে ঢাকায় গিয়ে কাজ করতেন তিনি। পরবর্তীতে কর্মসূত্রে ঢাকাতেও বসবাস করেছেন বলে সহকর্মীরা জানান।
সহশিল্পীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সাদাসিধে ও কর্মনিষ্ঠ মানুষ। আলোচনার আড়ালে থেকেও চরিত্রাভিনেতা হিসেবে নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে ছোট-বড় অসংখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।
তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।