রাজধানীর আমতলী এলাকায় শিশুদের ব্যবহার করে অভিনব কায়দায় চুরি করা একটি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ত্রাস সৃষ্টি করা এই চক্রটি মূলত ছোট শিশুদের জানালার গ্রিল গলিয়ে ঘরের ভেতরে পাঠিয়ে মূল্যবান মালামাল হাতিয়ে নিত। স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রের মূল হোতারা প্রাপ্তবয়স্ক হলেও তারা ধরাছোঁয়ার বাইরে থাকতে কৌশলে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করত। গত দুই মাস আগে আমতলী এলাকার ‘পাল বাড়িতে’ একই কায়দায় একটি বড় ধরনের চুরির ঘটনা ঘটে, যেখানে তিনটি অ্যান্ড্রয়েড ফোনসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী খোয়া যায়। সেই ঘটনার পর থেকেই বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা চোর শনাক্ত করতে এলাকায় কড়া নজরদারি শুরু করেন।
দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি একই কায়দায় পুনরায় চুরি করতে এলে স্থানীয়দের পাতা ফাঁদে ধরা পড়ে দুই শিশু চোর। আটকের পর জানা যায়, এই শিশুদের পেছনে আরও তিন থেকে চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সক্রিয় রয়েছে, যারা বাইরে থেকে শাবল, কুড়াল ও অন্যান্য সরঞ্জাম দিয়ে জানালার গ্রিল ভাঙতে বা ফাঁক করতে সহায়তা করে। চুরির এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করে এবং শিশুদের মাধ্যমে ঘরের ভেতরের মোবাইল ফোন ও ছোটখাটো দামী জিনিসপত্র বাইরে বের করে নেয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের আরও কয়েকজন সদস্যের সম্পৃক্ততার কথা উঠে এসেছে, যারা মূলত পর্দার আড়ালে থেকে পুরো চুরির প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে আসছিল।
এই ঘটনার পর আমতলী এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই নিজ নিজ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা জানান, শিশুদের অপরাধে জড়িয়ে ফেলার এই প্রবণতা অত্যন্ত আশঙ্কাজনক। তারা অবিলম্বে এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশি টহল জোরদার করার পাশাপাশি অপরিচিত ও সন্দেহজনক কাউকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।