‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বক্তব্যে অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের রায় বিকৃত করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করার অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। এ দাবিতে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়। এর একদিন পরই দলটি বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে যেকোনো অনিয়মের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।