খুলনার দিঘলিয়া উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে দিঘলিয়া উপজেলা চত্বরে দিঘলিয়া থানা, খুলনার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মোঃ রাফিউর রহমান, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস।
সুধী সমাবেশে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাধারণ মানুষকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক বলেন, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি বা অন্য যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যে বা যারাই করুক না কেন, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক আচরণ দেখলে তা দ্রুত পুলিশকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এতে করে অপরাধ দমন করা আরও সহজ হবে এবং একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়। এলাকাবাসী মারামারি, চাঁদাবাজি, জমি দখল, মাদকসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই লিখিত আকারে নিজেদের অভিযোগ ও সমস্যার বিবরণ একটি অভিযোগ বক্সে জমা দেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুধী সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।