আসন্ন ঈদকে সামনে রেখে মার্কেট ও বিপণিবিতানগুলোতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
শনিবার (৭ মার্চ) বিকেলে কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে।
তিনি জানান, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে তেলের কোনো সংকট নেই। দেশের চাহিদা মেটাতে অন্তত এক মাসের জন্য পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। পাশাপাশি পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফলে তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি—এমন কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত হয়েছে, যেগুলোর সঙ্গে দেশের মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পৃক্ত। তিনি দায়িত্ব যথাযথভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল খন্দকার। এছাড়া কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।